
কনসার্টের মঞ্চে ইসরায়েলের পতাকা মাটিতে ছুড়ে ফেলে পা দিয়ে মাড়িয়ে ‘মুক্ত হোক ফিলিস্তিন’ স্লোগান দিয়েছেন কলম্বিয়ার নারী র্যাপার চেলো হপ। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের এ ঘটনায় অনেকে তাঁর প্রশংসা করলেও পতাকা অবমাননার নিন্দা জানিয়েছেন কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ সংগীত উৎসবে পারফর্ম করছিলেন চেলো হপ। গান পরিবেশনের একপর্যায়ে দর্শকসারি থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁর দিকে ইসরায়েলের জাতীয় পতাকা এগিয়ে দেন।
প্রতিবেদন অনুযায়ী, পতাকাটি দেখে ক্ষুব্ধ হন চেলো হপ। তিনি দর্শকের হাত থেকে পতাকাটি নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন এবং পা দিয়ে মাড়ান। পরে লাথি দিয়ে পতাকাটি মঞ্চের একপাশে সরিয়ে দেন। এ সময় মাইক্রোফোনে স্প্যানিশ ভাষায় ‘পালেস্তিনা লিব্রে’—অর্থাৎ ‘মুক্ত হোক ফিলিস্তিন’—স্লোগান দেন তিনি।
জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়্যা নিউজ ও ভারতের দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
চেলো হপ রাজনৈতিক সচেতনতা, প্রতিরোধ আন্দোলন এবং অধিকার আদায়ের বিষয় নিয়ে গান করার জন্য পরিচিত। ঘটনার দিন তিনি মঞ্চে তাঁর ‘অ্যানাতোমিয়া’ গানটিও পরিবেশন করছিলেন। গানটিতে শোষণ ও প্রতিরোধের বিভিন্ন দিক উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফিলিস্তিনপন্থি অনেক ব্যবহারকারী চেলো হপের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, মঞ্চে ইসরায়েলের জাতীয় পতাকা মাড়ানোর ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত।